মুক্তিযোদ্ধাদের স্যালুট দেওয়া নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৪২ এএম

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় স্যালুট দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা থেকেই তিনি স্যালুট দিয়েছেন।

স্মৃতিসৌধে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় বাহিনী প্রধানদের পাশাপাশি প্রতিমন্ত্রীও স্যালুটের মাধ্যমে বীর শহীদদের প্রতি সম্মান জানান। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্বতঃস্ফূর্তভাবে স্যালুটে উঠে যায়। আমার হাত দিয়ে আমি বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট দিয়েছি।”

আরও পড়ুন : আজ থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

তিনি জানান, তার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি জনগণের প্রতিনিধিত্ব করেছেন বলেও উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও লেখেন, “হাত আমার, সম্মান জানিয়েছি সর্বজনশ্রদ্ধেয় বীরদের। দেশ আমার গণতান্ত্রিক; আমার ইচ্ছায় আমি স্যালুট দিয়েছি। যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাব।”

এ ধরনের বিষয় নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মান জানানোর বিষয়কে তামাশায় পরিণত করা দুঃখজনক। পোস্টের শেষে তিনি সবার জন্য দোয়া করে লেখেন, “আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।”

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft