প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৫০ এএম

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য এশিয়ার ছয়টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ রয়েছে। কোথাও ভিসামুক্ত প্রবেশ করা যায়, আবার কোথাও পৌঁছানোর পর নেওয়া যায় ভিসা অন অ্যারাইভাল (Visa on Arrival)।
যুক্তরাজ্যভিত্তিক হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬–এর জুলাই সংস্করণ অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। সর্বশেষ সূচকে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উঠে এসেছে।
যেসব এশীয় দেশে রয়েছে এ সুবিধা:
ভুটান : নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারেন।
মালদ্বীপ : বাংলাদেশিরা দেশটিতে পৌঁছে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পান। সমুদ্র, প্রবাল দ্বীপ ও রিসোর্টের জন্য এটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।
নেপাল : অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে বাংলাদেশিরা নেপালে প্রবেশ করতে পারেন। হিমালয়, কাঠমান্ডু ও পোখারা পর্যটকদের প্রধান আকর্ষণ।
শ্রীলঙ্কা : বাংলাদেশিদের জন্য সহজ ভ্রমণ সুবিধা রয়েছে। তবে যাত্রার আগে দেশটির সর্বশেষ ভিসানীতি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কম্বোডিয়া : বিশ্বখ্যাত আঙ্কোর ওয়াটের দেশ কম্বোডিয়ায় পৌঁছে ভিসা অন অ্যারাইভাল নেওয়া যায়।
তিমুর-লেস্তে (ইস্ট তিমুর) : দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশেও বাংলাদেশিদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভিসা ছাড় বা অন-অ্যারাইভাল সুবিধা থাকলেও ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ প্রবেশনীতি যাচাই করা জরুরি। অনেক ক্ষেত্রে অন্তত ছয় মাস মেয়াদি পাসপোর্ট, ফেরার টিকিট, হোটেল বুকিং, পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হতে পারে। তাই সফরের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা সরকারি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা জেনে নেওয়াই সবচেয়ে নিরাপদ।
জ/উ