প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:২৩ পিএম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের আওতায় এবার জেলায় ২ লাখ ১১ হাজার ৮৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আসাদুজ্জামান।
সভায় জানানো হয়, জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৮০০ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮৯ হাজার ৭৯ জন শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম বাস্তবায়নে জেলার ১ হাজার ১২৫টি কেন্দ্রে ২ হাজার ২৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
বক্তারা বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্যাপসুল শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি। এর সফল বাস্তবায়নে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ক্যাম্পেইন সফল করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকল শিশুর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত দিনে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।
জ/দি