
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের টেকসই উন্নয়ন ও বিভিন্ন খাতের অগ্রগতির জন্য বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আরও বেশি আত্মনিয়োগ করতে হবে। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধান উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অডিটরিয়ামে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ‘মিঠাপানির মাছের মড়ক প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন’ শীর্ষক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, গবেষকদের এমন কাজ করতে হবে, যা বৈশ্বিক গবেষণার সঙ্গে তুলনায় স্বতন্ত্র, নতুনত্বপূর্ণ এবং বাস্তব সমস্যার সমাধান দিতে সক্ষম। গবেষণার ফলাফল দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখলেই তার প্রকৃত মূল্যায়ন সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশের মৎস্যখাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ খাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। যারা গবেষণার মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রাখবেন, সরকার ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে তাদের যথাযথ স্বীকৃতি ও সম্মান প্রদানে আগ্রহী।
মোহাম্মদ আমিন উর রশিদ আরও বলেন, দেশে অনেক গবেষণা প্রতিষ্ঠান থাকলেও এখনো গবেষণার একটি সুস্পষ্ট ও স্বতন্ত্র ধারা গড়ে ওঠেনি। গবেষণা কার্যক্রমের দৃশ্যমান ফলাফল নিশ্চিত করার পাশাপাশি নিজস্ব গবেষণা-সংস্কৃতি ও ধারার বিকাশ ঘটানো প্রয়োজন।
মৎস্য উৎপাদনে পানির গুণগত মানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাছ চাষের ক্ষেত্রে পানির মান অন্যতম প্রধান নিয়ামক। পানিকে মাছ চাষের উপযোগী রাখতে পারলে রোগবালাই উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ বিষয়ে বিজ্ঞানী, গবেষক ও মৎস্য কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষিতে অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহারসহ বিভিন্ন পরিবেশগত কারণে প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, পুনরুদ্ধার এবং জীববৈচিত্র্য রক্ষায় গবেষণা ও কার্যকর পদক্ষেপ জোরদার করতে হবে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।
ওয়ার্কশপে প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. সিরাজুম মনির। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিএফআরআইয়ের বিজ্ঞানী, গবেষক, মৎস্য বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
জ/উ