প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:০৯ এএম আপডেট: ১৭.০৬.২০২৬ ১২:৩৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বুধবার) মৌলভীবাজার সফরে যাচ্ছেন। সফর উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সিলেটে পৌঁছানোর পর সড়কপথে মৌলভীবাজারে যাওয়ার কথা রয়েছে তাঁর।
দুপুর ১টায় শ্রীমঙ্গলে এবং দুপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ছাড়া সফরের বিভিন্ন পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলার সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ দেখা গেছে।
বিকেলে তিনি শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে যাবেন। সেখানে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলাজুড়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সফর সফল করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে জানা গেছে।
জ/উ