প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:১৫ পিএম

ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির দ্বিতীয় টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
নতুন এই টিজারে ভিন্ন এক রূপে হাজির হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বিশেষ করে একসঙ্গে তিন নায়িকার সঙ্গে তার রোমান্টিক উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েককে।
টিজারে একজন জনপ্রিয় রকস্টারের জীবনের উত্থান-পতন, খ্যাতির চাপ, আবেগ ও সম্পর্কের জটিলতার আভাস তুলে ধরা হয়েছে। তিন নারীর ভিন্ন ভিন্ন উপস্থিতি গল্পে যোগ করেছে রহস্য ও আকর্ষণ।
টিজারটি প্রকাশের পর শাকিব খান তার ফেসবুক পোস্টে লেখেন, “আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারও তত গভীর হয়। তবে সেই অন্ধকারের মাঝেও ভালোবাসা নিজের পথ খুঁজে নেয়।”
‘নো ওয়ান লাভস মি’ গানের আবহে নির্মিত টিজারটি ইতোমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমাটি মুক্তির আগেই ‘রকস্টার’ ঘিরে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে।
জ/উ