প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩:০৮ পিএম

গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়া এলাকার শরীফ লিটন সড়কের একটি ফ্ল্যাট থেকে আল-আমিন (৩৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া কামরুল ইসলাম নামে এক রিকশা গ্যারেজ মালিক ও তার স্বজনদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
গতকাল বুধবার (২১ মে) রাত আনুমানিক ৮টার দিকে ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আল-আমিন গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের ফায়েক শেখ ও আমেনা বেগমের ছেলে এবং দুই সন্তানের জনক বলে জানা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে অভিযুক্ত গ্যারেজ মালিক কামরুলের মামাসহ তিন ব্যক্তি আল-আমীনকে একটি রিকশায় করে ওই বাসায় নিয়ে আসেন। পরবর্তীতে ওই বাসা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আল-আমীনকে নিয়ে আসা ব্যক্তিরাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত গ্যারেজ মালিক কামরুল, তার বোন (যিনি ওই বাড়ির মালিক বলে জানা গেছে) এবং তার ভাগনেসহ সংশ্লিষ্টরা পলাতক রয়েছেন।
অভিযুক্তদের কাউকে এলাকায় দেখা যায়নি। এ কারণে গ্যারেজ মালিক ও তার স্বজনদের বিরুদ্ধে সন্দেহ আরও জোরালো হয়েছে। সন্দেহভাজন কামরুলের ফ্ল্যাট যে ভবনে অবস্থিত সে ভবনের নিচতলার মুদী দোকানদার মো: ওয়াহিদুজ্জামান বলেন,পুলিশের আসাযাওয়া দেখে আমরা ধারনা করি কিছু একটা ঘটেছে। পরে জানতে পারি কোনো এক রিকশাচালককে ধরে এনে হত্যা করেছে কামরুল ও তার দোসররা। সন্ধ্যার পর পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জ/দি