টিভি পর্দায় সাত নায়িকার গল্প
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৫৬ পিএম

ঈদুল আজহা মানেই টেলিভিশনের পর্দায় বিশেষ আয়োজনের ছড়াছড়ি। নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান ও রিয়েলিটি শোর পাশাপাশি ঈদের আনন্দ বাড়াতে দর্শকদের জন্য এবার সাতটি বাংলা সিনেমা নিয়ে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। টানা সাত দিন প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে একটি করে নতুন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। এ আয়োজনের বিশেষত্ব হলো, সাত দিনে টিভি পর্দায় হাজির হচ্ছেন সাত নায়িকা। গল্প, চরিত্র ও অভিনয়ের বৈচিত্র্যে তারা ঈদের সকালগুলোকে করে তুলবেন আরও প্রাণবন্ত।

ঈদের দিনই শুরু হচ্ছে এ আয়োজন। প্রথম দিন প্রচারিত হবে মিঠু খান পরিচালিত ‘নীল চক্র’। সিনেমাটিতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এতে তিনি জুটি বেঁধেছেন আরিফিন শুভর সঙ্গে। রহস্যঘন গল্পে নির্মিত এ সিনেমায় মন্দিরা চক্রবর্তীর উপস্থিতি দর্শকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে।

ঈদের দ্বিতীয় দিনে দেখানো হবে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’। সিনেমাটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। সঙ্গে রয়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এতে দুজনই শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। বাণিজ্যিক ঘরানার এ সিনেমায় দুই নায়িকার উপস্থিতি গল্পে ভিন্ন মাত্রা যোগ করবে বলেই আশা নির্মাতাদের।

আরও পড়ুন : বিচ্ছেদ ঘোষণার পরই কানের লাল গালিচায় হাজির মৌনি রায়

ঈদের তৃতীয় দিন প্রচার হবে সিনেমা ‘সাবা’। মাকসুদ হোসেন পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। তার সঙ্গে রয়েছেন রোকেয়া প্রাচী, মন্‌ওয়ার, সুমন পাটোয়ারী ও অশোক বেপারি। নারীকেন্দ্রিক গল্পের এ সিনেমাটি এরই মধ্যে আলোচনায় এসেছে।

ঈদের চতুর্থ দিনে প্রচারিত হবে আলোক হাসান পরিচালিত ‘টগর’। এতে অভিনয় করেছেন পূজা চেরী। সিনেমাটি প্রেক্ষাগৃহে খুব একটা সুবিধা করতে না পারেনি। গ্রামীণ আবহের গল্পে নির্মিত এ সিনেমায় পূজা চেরীর ভিন্নধর্মী উপস্থিতি টিভি পর্দার দর্শকদের আগ্রহ বাড়াতে পারে বলেই মনে করছেন অনেক। এতে পূজার সঙ্গে দেখা যাবে আদর আজাদকে।

পঞ্চম দিনের সিনেমা ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান ও মহসিনা আক্তার। দুই নারীর জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি উৎসবের আয়োজনের মধ্যে ভিন্ন স্বাদের একটি উপস্থাপনা হতে যাচ্ছে।

আরও পড়ুন : তোমার মনে আমার জন্য জায়গা রেখো : মেহজাবীন

ঈদের ষষ্ঠ দিনে থাকছে ‘বাড়ির নাম শাহানা’। লিসা গাজীর রচনা ও পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন আনান সিদ্দিক। আরও রয়েছেন ইরেশ যাকের, লুৎফর রহমান জর্জ ও জয়ন্ত চট্টোপাধ্যায়। পারিবারিক সম্পর্ক ও আবেগের গল্প ঘিরে নির্মিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ নারী চরিত্রটি দর্শকদের কাছে বিশেষভাবে ধরা দেবে।

ঈদের সপ্তম ও শেষ দিনে প্রচারিত হবে ‘শরতের জবা’। কুসুম শিকদার পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার নিজেই। তার সঙ্গে রয়েছেন এ প্রজন্মের অভিনেতা ইয়াশ রোহান। নির্মাতা ও অভিনেত্রী দুই পরিচয়েই কুসুম শিকদারের উপস্থিতি সিনেমাটিকে করেছে আলাদা আকর্ষণীয়।

সব মিলিয়ে এবারের ঈদে চ্যানেল আইয়ের এ আয়োজন যেন হয়ে উঠছে সাত নায়িকার সাত গল্পের এক বিশেষ সিনেমা উৎসব। ভিন্ন ভিন্ন নির্মাতা, গল্প ও অভিনয়ের বৈচিত্র্যে সাজানো এ সাত সিনেমা দর্শকদের ঈদের সকালগুলোকে করে তুলবে আরও রঙিন ও উপভোগ্য।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft