প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:০৫ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ফুঁসে উঠেছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভে নামেন কয়েক হাজার শিক্ষার্থী।
মিছিলটি টারজান পয়েন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা রেজিস্টার ভবনের সামনে অবস্থান নেন। এসময় 'ধর্ষকের ফাঁসি চাই', 'ক্যাম্পাসে নিরাপত্তা চাই', 'ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও'- স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা।
বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সংহতি জানিয়ে অংশ নেয় ছাত্রদল, জাকসু ও বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। এরমধ্যে রয়েছে-ঘটনার সাথে জড়িত আসামিকে দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং ক্যাম্পাসজুড়ে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করা। পাশাপাশি অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থার দাবিও জানান তারা।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
জ/দি