চট্টগ্রাম বন্দরের জট কমাতে ৮০ শতাংশ আমদানি পণ্য অফডকে খালাসের প্রস্তাব বিডার
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৪৪ পিএম

চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানো, পণ্য খালাসের গতি বাড়ানো এবং লজিস্টিক ব্যবস্থাকে আরও কার্যকর করতে আমদানি পণ্যের ৮০ শতাংশ ধীরে ধীরে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) বা অফডকের মাধ্যমে খালাসের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাণিজ্য সহজীকরণ এবং ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বৃহত্তর নিয়ন্ত্রণ শিথিলকরণ (কঠোর নিয়মকানুন বা আইনি জটিলতা কমানো) উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে এই প্রস্তাব জমা দিয়েছে সংস্থাটি।

বিডার মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি)-এর পরিচালন সক্ষমতা প্রায় ১ দশমিক ৬ থেকে দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে। কারণ এতে মূল বন্দরের ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মাত্র ৬৫ ধরনের আমদানি পণ্য বেসরকারি আইসিডির মাধ্যমে খালাসের অনুমতি দেয়। অথচ দেশের ২১টি অফডকের মাধ্যমে প্রায় সব ধরনের রফতানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিডা বলছে, আমদানি পণ্য খালাসের সীমিত সুযোগ বন্দরের কার্যক্রমে অতিরিক্ত চাপ তৈরি করছে এবং আমদানি প্রক্রিয়াকে ধীর করে দিচ্ছে। বিশ্বের অধিকাংশ দেশেই আমদানি ও রফতানি- উভয় কার্যক্রমের বড় অংশ অফডকের মাধ্যমে সম্পন্ন হয়।

আরও পড়ুন : পে স্কেল: প্রথম ধাপে সুখবর পাচ্ছেন যারা

নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে অফডকগুলোর জন্য নিয়মিত ঝুঁকিভিত্তিক পর্যালোচনা ব্যবস্থা চালুরও প্রস্তাব দিয়েছে বিডা।

ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পরিচালন ব্যয় কমবে, পণ্য সরবরাহের সময় কমে আসবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ এখনও ব্যবসা পরিচালনার ব্যয়, বন্দরের টার্নঅ্যারাউন্ড টাইম এবং লজিস্টিক সংস্কার বাস্তবায়নের ধীরগতির মতো চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

তার ভাষায়, “এ ধরনের উদ্যোগ বিনিয়োগ আকর্ষণ এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। আন্তর্জাতিক বাণিজ্যে এখন শুধু দাম ও মান নয়, লিড টাইমও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে ৩৪ লাখ ৯ হাজার ৬৯টি টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের) কনটেইনার পরিবহন হয়েছে।

আরও পড়ুন : তিনদফা বাড়ার পর জেট ফুয়েলের দাম ২২ টাকা কমলো

বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারম্যান আবুল কাসেম খান প্রস্তাবটিকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, “আইসিডির ব্যবহার বাড়লে বন্দরের ওপর চাপ কমবে এবং জটও হ্রাস পাবে। আন্তর্জাতিকভাবে কাস্টমস-সংক্রান্ত অধিকাংশ কার্যক্রম মূল বন্দরের বাইরে সম্পন্ন হয়।”

এছাড়াও বিডা আরও প্রস্তাব দিয়েছে, কার্যকর ২৪ ঘণ্টা বন্দর পরিচালনা নিশ্চিত করতে ব্যাংকিং ও কাস্টমস সেবা সম্প্রসারণ করতে হবে।

বর্তমানে কিছু ক্ষেত্রে বন্দরের কার্যক্রম সার্বক্ষণিক চললেও সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা এখনও মূলত অফিস সময় ও কর্মদিবসে সীমাবদ্ধ। ফলে এলসি প্রসেসিং, পেমেন্ট ক্লিয়ারেন্স এবং আমদানি-রফতানিসংশ্লিষ্ট বিভিন্ন কাজে বিলম্ব হচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় সপ্তাহজুড়ে ব্যাংকিং সহায়তা চালু এবং অধিকাংশ কাস্টমস কার্যক্রম পুরোপুরি অনলাইনে নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।

আরও পড়ুন : তিনদফা বাড়ার পর জেট ফুয়েলের দাম ২২ টাকা কমলো

বিডার মতে, সমন্বিত ২৪/৭ কার্যক্রম চালু হলে পণ্য খালাসের সময় উল্লেখযোগ্যভাবে কমবে, সামগ্রিক দক্ষতা বাড়বে এবং বাংলাদেশের বাণিজ্য ব্যবস্থা আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে।

এছাড়া আধুনিক ও ইন্টারনেট-ভিত্তিক কাস্টমস ম্যানেজমেন্ট সফটওয়্যার- অ্যাসিকাডা ওয়ার্ল্ড, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার ব্যবহৃত সিস্টেমগুলোকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করারও প্রস্তাব দিয়েছে বিডা।

এতে ব্যবসায়ীরা একবার তথ্য দিলেই তা সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ভাগাভাগি হবে। ফলে একই তথ্য বারবার জমা দেওয়া, বিলম্ব এবং প্রক্রিয়াগত জটিলতা কমে আসবে।

আবুল কাসেম খান বলেন, লাইসেন্স ও পারমিট ব্যবস্থা যদি এনএসডব্লিউ-এর সঙ্গে সমন্বিত করা যায়, তাহলে বাণিজ্য কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে।

তার ভাষায়, “একবার তথ্য দিয়ে সেটি বিভিন্ন সংস্থার ব্যবহারের সুযোগ তৈরি করা এখন বিশ্বমানের চর্চা।” সূত্র: টিবিএস

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft