
ভোক্তা-অধিকার সংরক্ষণে খুলনা বিভাগজুড়ে তদারকিমূলক অভিযান চালিয়ে ১৪টি প্রতিষ্ঠানকে মোট ৯৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৬ মে ২০২৬) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় এবং বিভাগের বিভিন্ন জেলা কার্যালয়ের ৯টি টিম একযোগে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে অতিরিক্ত মূল্য আদায়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে ‘ফ্রাইব্রোস’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোপালনগর বাজারে সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে অভিযানে ‘রওনক বীজ ভান্ডার’কে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও মোড়ক বিধি লঙ্ঘনের দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরার সদর ও মুহাম্মদপুর উপজেলার বিভিন্ন বাজারে সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে ‘বিসমিল্লাহ বেকারি’কে ১০ হাজার টাকা এবং ‘আল মুসলিম’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহের মধুপুর বাজারে সহকারী পরিচালক নিশাত মেহের ‘স্বাদ আইসক্রিম’কে অবৈধভাবে পণ্য উৎপাদন ও খাদ্যে নিষিদ্ধ উপাদান মেশানোর দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
যশোরের পাইপপট্টি বাজারে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে ‘জেসকো ট্রেডার্স’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেহেরপুরের গাংনী ও বামুন্দি বাজারে ‘মাসুম মিষ্টান্ন ভান্ডার’কে ৩ হাজার এবং ‘হায়বাত মিষ্টান্ন ভান্ডার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার দৈবহাটি বাজারে ‘হিমু স্টোর’, ‘কমল সাহা মিষ্টান্ন ভান্ডার’ ও ‘দিহিহার বেকারি’কে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরার কুলিয়া বাজারে ‘মনি ট্রেডার্স’কে ২ হাজার টাকা এবং নড়াইলের বাশগ্রাম বাজারে ‘আমিনুর স্টোর’ ও ‘সজল স্টোর’কে মোট ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জ/দি