বৈদ্যুতিক গাড়ি ও ব্যক্তিগত ঋণের সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:৩৫ এএম

দেশের ক্রমবর্ধমান মাথাপিছু আয় এবং পরিবেশবান্ধব যানের চাহিদাকে গুরুত্ব দিয়ে কনজ্যুমার ফিন্যান্সিং বা ভোক্তা ঋণের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, গাড়ি আমদানির ব্যয় বৃদ্ধি এবং পরিবেশবান্ধব যানের ব্যবহার উৎসাহিত করতে অটো লোন ও পার্সোনাল লোনের সীমা বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

অটো লোনের ক্ষেত্রে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে বিশেষ ছাড়

এখন থেকে একজন গ্রাহক ব্যক্তিগত গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে কেউ যদি ইলেকট্রিক (ইভি) বা হাইব্রিড গাড়ি কিনতে চান, তবে তিনি সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। পরিবর্তন আনা হয়েছে ঋণের ক্ষেত্রে 'ডেট-ইকুইটি রেশিও' বা ঋণ ও বিনিয়োগের অনুপাতেও। সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ঋণ সুবিধা হবে ৬০:৪০ অনুপাতে (অর্থাৎ গাড়ির দামের ৬০% ব্যাংক দেবে, ৪০% গ্রাহককে দিতে হবে)। ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির এক্ষেত্রে গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন। ব্যাংক এখন থেকে ৮০:২০ অনুপাতে অর্থায়ন করতে পারবে (অর্থাৎ গাড়ির দামের ৮০% পর্যন্ত ব্যাংক ঋণ দিতে পারবে)।

পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণের সীমা বৃদ্ধি

বাজারমূল্য বৃদ্ধি ও ভোক্তা পণ্যের চাহিদা বিবেচনায় ব্যক্তিগত ঋণের সীমাও পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে কোনো জামানত বা সিকিউরিটি ছাড়াই একজন গ্রাহক ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। উপযুক্ত জামানত সাপেক্ষে এই ঋণের পরিমাণ সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত হতে পারবে। তবে লিকুইড সিকিউরিটি বা নগদ জামানতের বিপরীতে নেওয়া ঋণের ক্ষেত্রে এই সীমা কার্যকর হবে না। দেশের জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বৃদ্ধির ফলে ভোক্তা পর্যায়ে ব্যয়ের প্রবণতা বেড়েছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমান বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে এই ঋণের সীমা বাড়ানো হয়েছে।

এছাড়া, সার্কুলারে ব্যাংকগুলোকে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, কোনোভাবেই একটি ব্যাংকের মোট ঋণের প্রবৃদ্ধি হার থেকে 'কনজ্যুমার ফিন্যান্সিং' বা ভোক্তা ঋণের প্রবৃদ্ধি হার বেশি হতে পারবে না। অর্থাৎ, সামগ্রিক ঋণের তুলনায় ভোক্তা ঋণ যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে, সেদিকে নজর রাখতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft