প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১১:০৯ এএম

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ দেওয়া অবসরপ্রাপ্ত আমলাদের দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বুধবার (৬ মে) থেকে অফিসে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা লোক ভবন থেকে জারি হওয়া এই নির্দেশ সব দপ্তরের সচিবদের কাছে পৌঁছে দিয়েছেন।
সূত্র জানিয়েছে, প্রতিটি দপ্তরের সচিবদের নিজ নিজ কার্যালয়ে মৌখিকভাবেও নির্দেশনাটি জানানো হয়েছে। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।
আরও জানা গেছে, বিভিন্ন দপ্তরে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এরই মধ্যে পদত্যাগ করেছেন এবং সরকারি বাসভবনও ছেড়ে দিয়েছেন।
এদিকে মঙ্গলবার মুখ্যসচিব সব দপ্তরকে আবারও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। গুরুত্বপূর্ণ নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং কোনো অবস্থাতেই দপ্তরের বাইরে না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আর্থিক উপদেষ্টাদেরও এ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে এবং গুরুত্বপূর্ণ ফাইলের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
গত সোমবার অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে বিজেপি। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮০টি আসন।
এ নির্বাচনে নিজের শক্ত ঘাঁটি ভবানীপুর আসনেও পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে তিনি ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে হেরে যান। দক্ষিণ কলকাতার তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুরে ভোট গণনার সময় দুই নেতাই উপস্থিত ছিলেন।
আগামী ৯ মে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার শপথ নিতে পারে বলে প্রস্তুতি চলছে।
জ/উ