প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:৪৯ পিএম

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়টি নিশ্চিত করেই হকারদের পুনর্বাসন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। শনিবার ডিএসসিসির অঞ্চল ২-এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফুটপাতে হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক আবদুস সালাম বলেন, আগে অনিয়ন্ত্রিতভাবে ফুটপাত ও রাস্তা দখলের কারণে জনভোগান্তি সৃষ্টি হতো। এখন নির্ধারিত স্থান ও সময় অনুযায়ী সীমিত সংখ্যক হকার বসতে পারবেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার কাজে বিশ্বাসী এবং স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করা হবে। ডিএসসিসির নিজস্ব অর্থায়নে লেন ও বাই লেনের পাইপ নর্দমাসহ প্রায় ১ দশমিক ১ কিলোমিটার রাস্তা উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ দশমিক ৬৭ কোটি টাকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে ডিএসসিসি সর্বোচ্চ চেষ্টা করবে। উন্নয়ন কাজে নতুন সংযুক্ত এলাকাগুলোকে প্রাধান্য দেওয়ায় সন্তোষও প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
জ/উ