প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৫০ এএম

ফরিদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন পরীক্ষার্থীর ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) শিট হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
জানা যায়, গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিনে (১৮ এপ্রিল) ফরিদপুর সদর উপজেলার ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষার ১৫৪টি ওএমআর শিট কেন্দ্র থেকেই হারিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ জানান, শেষ পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। তবে তিনি দাবি করেন, ওএমআর শিট হারিয়ে গেলেও পরীক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। কারণ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) ইতোমধ্যে তথ্য পুনরুদ্ধার (রিকভার) করতে সক্ষম হয়েছে।
জ/দি