মহান মুক্তিযুদ্ধের চিত্রধারক আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:১৩ পিএম

ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন। রবিবার (২৬ এপ্রিল) নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডের।

সংবাদমাধ্যম দুটির তথ্য বলছে, রঘু রাইয়ের ছেলে ও আলোকচিত্রী নীতিন রাই জানিয়েছেন, গত দুই বছর ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। প্রথমে তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। পরে তা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যায় এবং সর্বশেষ মস্তিষ্কেও আক্রান্ত হয়। বয়সজনিত জটিলতাও তাঁর শারীরিক অবস্থাকে আরও অবনতি করে।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক আলোকচিত্রীদের মধ্যে রঘু রাই ছিলেন অন্যতম। সে সময় ভারতের ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে তিনি শরণার্থী শিবিরে গিয়ে উদ্বাস্তু বাংলাদেশিদের মানবেতর জীবনযাত্রার ছবি ধারণ করেন। শুধু তাই নয়, জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের যুদ্ধের দৃশ্য, বিজয়ের মুহূর্ত এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক দৃশ্য ক্যামেরাবন্দি করেন। তাঁর তোলা এসব ছবি আজও মুক্তিযুদ্ধের এক অমূল্য দলিল হিসেবে বিবেচিত।

আরও পড়ুন : সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

১৯৪২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের ঝাং অঞ্চলে জন্মগ্রহণ করেন রঘু রাই। ১৯৬২ সালে বড় ভাই আলোকচিত্রী এস পলের কাছে তিনি আলোকচিত্রের হাতে-খড়ি নেন।

১৯৬৫ সালে তিনি ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকায় যোগ দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ‘সানডে’ ম্যাগাজিন ও ইন্ডিয়া টুডেতে ছবি সম্পাদক ও ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৭ সালে কিংবদন্তি ফরাসি আলোকচিত্রী Henri Cartier-Bresson তাঁকে বিশ্বখ্যাত সংস্থা Magnum Photos-এ যোগদানের জন্য মনোনীত করেন।

১৯৮৪ সালের Bhopal Gas Tragedy-এর ভয়াবহতা তিনি তাঁর ক্যামেরায় ধারণ করেন এবং পরবর্তীতে এ নিয়ে দীর্ঘমেয়াদি কাজ করেন। এই ঘটনার ওপর ভিত্তি করে তিনি ‘Exposure: A Corporate Crime’ শিরোনামে বইও লেখেন।

মুক্তিযুদ্ধের সময়কার অসাধারণ আলোকচিত্রের জন্য তিনি ১৯৭২ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী লাভ করেন। তাঁর কর্মজীবনে ভারত, মানুষ, সংস্কৃতি ও শহর নিয়ে ১৮টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। তাঁর কাজ টাইম, লাইফ, দ্য নিউ ইয়র্ক টাইমসসহ বিশ্বখ্যাত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft