সাউদাম্পটনকে হারিয়ে ফাইনালে ম্যান সিটি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০৭ এএম

গোলশূন্য প্রথমার্ধের পর হঠাৎই গোল করে এগিয়ে গেল সাউদাম্পটন। তবে খেলার ধারার বিপরীতে গোল হজম করে খেই হারাল না ম্যানচেস্টার সিটি। বরং দ্রুতই দুই গোল করে ম্যাচের ফল নিজেদের কাছে এনে ফাইনালের টিকিট কাটল তারা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে এফএ কাপের সেমি-ফাইনালে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে ম্যান সিটি। ফিন অ্যাজাজের গোলে পিছিয়ে পড়ার পর জেরেমি ডকু ও নিকো গনজালেজের গোলে জয় নিশ্চিত করে তারা।

এই জয়ে প্রথম ক্লাব হিসেবে টানা ৪ বছর এফএ কাপের ফাইনালে ওঠার রেকর্ড গড়ল ম্যান সিটি। তবে গত দুই আসরে শিরোপা জিততে পারেনি তারা। এবার অষ্টম শিরোপার খোঁজে নামবে পেপ গার্দিওলার দল। নিয়মিত একাদশের বেশিরভাগ ফুটবলারকে বিশ্রাম দিয়ে এদিন শুরুর একাদশ সাজান গার্দিওলা। ফলে শুরুতে গুছিয়ে নিতে কিছুটা সমস্যা হয় সিটির। তবু সব মিলিয়ে দাপুটে ফুটবল খেলতে ভুল হয়নি ইংলিশ জায়ান্ট ক্লাবটির।

আরও পড়ুন : ম্যাচ চলাকালেই মারা গেলেন সাবেক নাইজেরিয়ান ফুটবলার

ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে গোলের জন্য ২৪টি শট করে ম্যান সিটি। এর মধ্যে ৬টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে সাউদাম্পটনের ৪ শটের ৩টি ছিল লক্ষ্যে। 

তবু প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দল। বেশ কয়েকবার জোরাল আক্রমণ করেও হতাশা সঙ্গী হয় ম্যান সিটির। বিরতির পর আক্রমণের জোর বাড়ায় তারা। তবু মিলছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা।

ম্যাচের ৭৯ মিনিটে খেলার ধারার বিপরীতে ম্যান সিটিকে হকচকিয়ে দেন ফিন অ্যাজাজ। ডি-বক্সের বাইরে থেকে চমৎকার শটে জালের ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার।

আরও পড়ুন : এমবাপ্পেকে নিয়ে নতুন দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স

পিছিয়ে পড়ে দ্রুতই জবাব দেয় ম্যান সিটি। ৮২ মিনিটে গোল শোধ করেন ডকু। ডি-বক্সের বাইরে থেকে তার জোরালো শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে জড়িয়ে যায় জালে। পাঁচ মিনিট পর এবার নিকো গনজালেজের আরেকটি জোরালো শটে লিড পেয়ে যায় ম্যান সিটি।

পরে ব্যবধান বাড়তে পারত আরও। কিন্তু দারুণ সুযোগ নষ্ট করেন ডকু। তাই ২-১ গোলের জয়েই মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।

দ্বিতীয় সেমি-ফাইনালে রোববার রাতে মুখোমুখি হবে চেলসি ও লিডস। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নামবে ম্যান সিটি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft