প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:৪৩ পিএম

নেত্রকোণার পূর্বধলা উপজেলার আতকাপাড়া এলাকায় সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশের একটি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
সংসদ সদস্যের সহকারী আল আমিন তালুকদার জানান, বিকেলে একটি মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যান এমপি মাছুম মোস্তাফা। ফেরার পথে আতকাপাড়ার একটি পেট্রোল পাম্পে জ্বালানি নিতে গাড়ি থামানো হয়। এ সময় মাগরিবের আজান হলে তিনি নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে যান।
তিনি বলেন, “নামাজ চলাকালে হঠাৎ গাড়ি ভাঙচুরের শব্দ শুনতে পাই। পরে বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে কয়েকজন আমাদের ওপর হামলার চেষ্টা করলে মসজিদের মুসল্লিরা দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে আমাদের অবরুদ্ধ করার চেষ্টা করা হয়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এমপিকে উদ্ধার করা হয়।”
এ বিষয়ে সংসদ সদস্য মাছুম মোস্তাফা মুঠোফোনে বলেন, “হঠাৎ কয়েকজন এসে আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আমাকে ঘিরে ফেলে।” তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
পূর্বধলা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
জ/দি