আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:০৬ পিএম

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয়ের মাধ্যমে সিরিজে সমতা আনলেও শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। স্লো-ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলকে শাস্তি দিয়েছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে থাকা দলের সব খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসি জানায়, নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার কম বোলিং করে বাংলাদেশ। ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এ অভিযোগ তোলেন। পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পে-ক্রাফট শাস্তি নিশ্চিত করেন।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসাবে দুই ওভার কম হওয়ায় মোট ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। অধিনায়ক মিরাজ দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আরও পড়ুন : নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব

ম্যাচ চলাকালেও ধীরগতির প্রভাব দেখা যায়। নিউজিল্যান্ডের ইনিংসের ৪৭ ওভারের পর আম্পায়াররা স্লো-ওভার রেটের সংকেত দেন। ফলে শেষ তিন ওভারে বাংলাদেশকে বৃত্তের ভেতরে অতিরিক্ত একজন ফিল্ডার রাখতে বাধ্য করা হয়, যা বোলিংয়ের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করে। তবুও বাংলাদেশ ৪৮.৪ ওভারে কিউইদের ১৯৮ রানে গুটিয়ে দেয়।

পরে লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। দারুণ পারফরম্যান্সে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হন নাহিদ রানা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ওয়ানডেতে নির্ধারিত হবে সিরিজের ফলাফল।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft