প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৩৬ পিএম

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইয়াবাসহ বাদল বেপারী নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় সন্দেহজনক অবস্থায় তাকে আটক করা হয়।
আটক বাদল বেপারী পাশ্ববর্তী গলাচিপা উপজেলার চরমমতাজ ইউনিয়নের বিপুল বেপারীর ছেলে।
স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে বাদল বেপারী ওই এলাকায় গোপনে মাদক বিক্রি করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করেন। পরে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে আটক ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।