প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:১৮ পিএম

বৈশ্বিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যেই চীন-রাশিয়া সম্পর্ককে ‘বিশেষভাবে মূল্যবান’ বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে তিনি এই সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তন ও অনিশ্চয়তায় পরিপূর্ণ থাকলেও বেইজিং ও মস্কোর সম্পর্ক স্থিতিশীল রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ ও কূটনৈতিক সমন্বয় বাড়ানো জরুরি।
তিনি জানান, তার ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কাজ করতে হবে। পাশাপাশি চীন-রাশিয়ার সমন্বিত কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। যাতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যেতে পারে, আরও স্থিরভাবে চলতে পারে।
জিনপিং দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন। তবে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে তিনি যে বিশৃঙ্খলা ও পরিবর্তনের কথা উল্লেখ করেছেন, তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার সম্পর্ক আরও গভীর হয়েছে।
বিশেষ করে ২০২২ সালের শুরুতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এই সম্পর্ক নতুন মাত্রা পায়। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এই সম্পর্কে নতুন মোড় আনলেও, দুই দেশের মধ্যে মৌলিক কোনো পরিবর্তন হয়নি বলে মনে করা হচ্ছে।
গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গেলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ‘পুরনো বন্ধু’ হিসেবে স্বাগত জানান। পুতিনও শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মঙ্গলবার দুই দিনের সরকারি সফরে চীনে আছেন। এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন ও ইরান ইস্যুসহ আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও ইরান যুদ্ধ নিয়ে এখনও অনিশ্চয়তা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘যুদ্ধ শেষের দিকে’ বলে দাবি করেছেন। তবে বাস্তব পরিস্থিতি এখনও জটিল। সূত্র: এপি
জ/উ