প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:২১ পিএম

মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সামাজিক সচেতনতা শুরু হয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। খুব শিগগিরই এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে, যাতে বাংলাদেশকে মাদকমুক্ত করা যায়।
জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সমস্যা সমাধানে কীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে, দেশ এগিয়ে যাবে। এজন্য বাংলাদেশের কিংবদন্তিতুল্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করেছি।