ঢাবিতে অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের স্মরণসভা
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:৫১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে প্রয়াত অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ আয়োজন করা হয়। বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
এ সময় আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কাজী আবদুল মান্নান, ড. শেখ আবদুস সালাম, অধ্যাপক ড. আবুল মনসুর আহম্মদ, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, সহযোগী অধ্যাপক ড. এ এস এম আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার, সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান, খণ্ডকালীন শিক্ষক কাজী রওনাক হোসেন, সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামসুল হক ও সাধারণ সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামানসহ সংশ্লিষ্টরা।
এছাড়া পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, লেখক শুব্রত শংকর ধর, বিভাগীয় কর্মকর্তা অসীম কুমার দাশ এবং মরহুমের পরিবারের সদস্যরাও স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের স্ত্রী মালেকা খান ও মেয়ে সুমনা শারমিন উপস্থিত ছিলেন। বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরাও স্মরণসভায় অংশ নেন। অধ্যাপক রোবায়েত ফেরদৌস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
স্মরণসভায় বক্তারা অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষাদান পদ্ধতি এবং গণমাধ্যমে তার অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিভাগের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। অনারারি অধ্যাপক হিসেবে তিনি চতুর্থ বর্ষের অষ্টম সেমিস্টারের ‘ফিচার, এডিটোরিয়াল এবং অপ-এড রাইটিং’ কোর্সটি পাঠদান করছিলেন। অনুষ্ঠানের শেষে অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান গত ৮ মার্চ ২০২৬ দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান।
জ/উ