আন্তর্জাতিক ভেন্যু বাড়াতে চায় বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১:৩৩ পিএম

দেশে আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সময় আন্তর্জাতিক ম্যাচ মানেই ছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, মাঝে মধ্যে চট্টগ্রাম। পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম চালু হলেও ম্যাচের সংখ্যা খুব বেশি বাড়েনি। বর্তমান অ্যাডহক কমিটি এবার এই চিত্র বদলাতে চায়। তবে নতুন ভেন্যু নয়, পুরোনো ভেন্যুগুলোতে নতুন রূপ দিতে চায় বিসিবি।

গতকাল ছুটির দিনেও মিরপুরে বিসিবি কার্যালয়ে গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পাওয়া রফিকুল ইসলাম বাবুলের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। মে মাসের ২ তারিখ থেকে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ানোর পরিকল্পনা করছে বিসিবি। এবার ছয়টি ভেন্যুতে লিগ আয়োজনের চিন্তাভাবনা চলছে, যা ঘরোয়া ক্রিকেটে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। বন্ধ থাকা প্রিমিয়ার ডিভিশন লিগ চালুর বিষয়েও আশাবাদী বোর্ড। বাবুল বলেন, 'দেশের শীর্ষ ক্লাবগুলো ইতিমধ্যে খেলতে সম্মতি দিয়েছে এবং সবকিছু ঠিক থাকলে মে মাসের শুরুতেই লিগ শুরু হবে। এই লিগকে আরও আকর্ষণীয় করতে আন্তর্জাতিক ক্রিকেটের মতো সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।'

দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা কয়েকটি ভেন্যুকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম এবং ফতুল্লার খান শাহেব ওসমান আলী স্টেডিয়াম। এক সময় এ সব ভেন্যু আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করলেও দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় স্বীকৃতি হারিয়েছে। সংস্কারের মাধ্যমে সেগুলোকে আবার আন্তর্জাতিক মানে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বিসিবি।

আরও পড়ুন : বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি

এ দিকে, চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজকে সামনে রেখে উইকেট প্রস্তুতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বোর্ড। বাবুল জানান, হোম কন্ডিশনের সুবিধা বজায় রেখেই এমন উইকেট তৈরি করা হবে, যেখানে দুই দলই স্বাচ্ছন্দ্যে খেলতে পারে। আন্তর্জাতিক মানের উইকেট ও আউটফিল্ড নিশ্চিত করতে অভিজ্ঞ কিউরেটরদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি এবং স্টেডিয়ামের অবকাঠামোও পর্যালোচনা করা হচ্ছে। নষ্ট হয়ে থাকা সিসি ক্যামেরাগুলো দ্রুত সচল করার নির্দেশও দেওয়া হয়েছে। তবে আবহাওয়া, বিশেষ করে বৃষ্টি, বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনায় রাখা হচ্ছে।

সাবেক গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের '১০০ উইকেট' প্রকল্প নিয়েও নতুন কমিটি পর্যালোচনা করছে। বাবুল জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে মানসম্মত উইকেট ও মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরির অভিযোগসহ সাম্প্রতিক ও অতীতের বিভিন্ন অবকাঠামোগত অনিয়ম খতিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে দুদকের প্রাথমিক কিছু তথ্য বোর্ডের হাতে এসেছে বলে জানা গেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft