পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে উচ্চপর্যায়ের দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে, এ সময় অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এরআগে, অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। গত ২২ জানুয়ারি কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন ধাপে বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়।

জানা গেছে, সুপারিশ বাস্তবায়নের জন্য প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় প্রয়োজন হবে। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীর জন্য সরকারের মোট ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

আরও পড়ুন : জ্বালানির চাহিদা মেটাতে ডিজেল-অকটেন আমদানি করবে সরকার

অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, কমিশনের প্রতিবেদন জমা দেয়ার পর তা কার্যকর করার আগে কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এর অংশ হিসেবে গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এই কমিটি জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন যাচাই-বাছাই করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে।

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের কারণে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় পর্যালোচনা কমিটি এখনও কাজ শুরু করতে পারেনি। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটও এ সিদ্ধান্তকে জটিল করে তুলেছে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft