প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:১৬ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পল্টুন থেকে বাস ডুবির ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। গতকাল মঙ্গলবার রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।
আজ বুধবার সকালে বাংলাদেশ প্রতিদিনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। প্রতিবেদনের দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব সুনির্দিষ্টভাবে তুরে ধরা হয়েছে। তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটিসহ বেশ কিছু কারণ ছিল বলে উল্লেখ রয়েছে।
তদন্ত কমিটির প্রধান উছেন মে বলেন, ‘আমরা প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্যসহ স্থানীয়দের সাথে কথা বলেছি। তদন্ত সঠিকভাবে করার স্বার্থে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথেও কথা বলেছি। আমরা দুর্ঘটনার কারণ ও আগামীতে দুর্ঘটনা রোধে বেশ কিছু সুপারিশ করেছি।’ এর বেশি কিছু বলতে চাননি তদন্ত কমিটির প্রধান।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, তদন্ত প্রতিবেদনটি হাতে পেয়েছি। প্রতিবেদনটি আমরা মন্ত্রিপরিষদ বিভাগ বরাবর প্রেরণ করবো। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, গত ২৫ মার্চ (বুধবার) বিকালে কুষ্টিয়ার কুমারখালী থেকে যাত্রীবাহী সৌহার্দ পরিবহনের একটি বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন থেকে পদ্মায় ডুবে যায়। এ ঘটনায ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
দুর্ঘটনার তদন্ত অনুসন্ধানে ওইদিন রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে কে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।
জ/দি