প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:৫২ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য ভিসা সহায়তা কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে ফিলিপাইন। যার মাধ্যমে তাদের কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই সাময়িকভাবে বৈধভাবে থাকার সুযোগ দেওয়া হচ্ছে।
দেশটির বিচারমন্ত্রী ফ্রেডেরিক ভিদা বিভাগীয় আদেশ ২১৯-এ স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে এই কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়েছে। যার মেয়ার আজ শেষ হওয়ার কথা ছিল। এই নির্দেশনার আওতায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের অনুমোদিত থাকার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে।
আদেশে বলা হয়েছে, বহু বিদেশি নাগরিক এখনও আটকে আছেন এবং নিজ দেশে ফেরার জন্য ফ্লাইট পেতে ব্যর্থ হয়েছেন। এই প্রেক্ষাপটে, ভিসা সহায়তা প্রদানের মেয়াদ এতদ্বারা ১ মে ২০২৬ পর্যন্ত বাড়ানো হলো।
ভিদার মতে, আন্তর্জাতিক ভ্রমণ পথগুলো ধীরে ধীরে স্থিতিশীল না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত ভ্রমণকারীদের সমর্থন ও আশ্বাস দেওয়ার ক্ষেত্রে দেশটির অঙ্গীকারেরই প্রতিফলন ঘটেছে এই পদক্ষেপ।
ভিদা সংবাদ সম্মেলনে বলেন, মানবিক কারণে এবং সহানুভূতির ভিত্তিতে একতরফাভাবে এটি করেছি। ফলে ফিলিপাইনে থাকার আইনি ভিত্তি না থাকা নিয়ে তাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।
এদিকে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বব্যাপী ভ্রমণকে ব্যাপকভাবে ব্যাহত করেছে, যার মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচলের প্রায় ১৪ শতাংশই মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। ব্যাপক ফ্লাইট বাতিল এবং সীমিত সংখ্যক ফ্লাইট চলাচলের কারণে বিভিন্ন অঞ্চলে বহু ভ্রমণকারী আটকা পড়েছেন, যা সরকারগুলোকে অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করেছে। সূত্র: গাল্ফ নিউজ।
জ/উ