মারা গেছেন টালিউড তারকা রাহুল অরুণোদয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম

টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। তার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে পুরো টালিউড। রোববার পশ্চিমবঙ্গের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। শুটিংয়ের একপর্যায়ে সমুদ্রে নামেন তিনি। পরে হঠাৎ তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর দ্রুত তাকে দিঘা হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানা গেছে।

ধারাবাহিকটিতে রাহুলের সঙ্গে অভিনয় করছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এ সময় রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানান। ভাস্করের ভাষ্য, ‘জলে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি খুবই মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন-এটা মেনে নেওয়া কঠিন।’

এই মর্মান্তিক ঘটনায় সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বাংলা বিনোদন অঙ্গনে তার এই অকাল প্রয়াণকে অপূরণীয় ক্ষতি হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। ছোট পর্দা থেকে বড় পর্দা-দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ক্যারিয়ারে প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেতা।

আরও পড়ুন : মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আলিয়া ভাট

বড়পর্দায় তার যাত্রা শুরু হয় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে। মুক্তির পরই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং তাকে নতুন সম্ভাবনাময় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে বাণিজ্যিক ও মূলধারার নানা সিনেমায় সমানতালে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন রাহুল।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’। প্রতিটি কাজেই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ব্যক্তিজীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। তবে ২০১৭ সাল থেকে আলাদাভাবে বসবাস শুরু করেন এই দম্পতি, পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ। অভিনয়ের পাশাপাশি নতুন উদ্যোগ হিসেবেও নিজেকে উপস্থাপন করেছিলেন রাহুল। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেন তিনি, যা শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft