প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:০৬ এএম

নড়াইলের সদর উপজেলায় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন গুরুতর আহত হন, যাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত নাহিদ সরদার (৩৩) সদর উপজেলার পেড়লী গ্রামের বাসিন্দা। তিনি আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের বাসিন্দা এবং সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের কর্মচারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত একটি ফিলিং স্টেশনে ট্রাক নিয়ে ডিজেল নিতে আসেন স্থানীয় চালক সুজাত মোল্যা। তবে পাম্পে ডিজেল মজুত না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তেল সরবরাহে অসমর্থতা জানান। এ ঘটনাকে কেন্দ্র করে চালক ও ম্যানেজারের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে চালক ক্ষুব্ধ হয়ে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
রাতের দিকে কাজ শেষে নাহিদ সরদার ও জিহাদ মোল্যা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পাম্প থেকে অল্প দূরে তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং জিহাদ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত জিহাদকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দর আলী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জ/দি