প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:৩৮ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন মারাত্মক আহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস ও সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস সহ আরও ৪ জন কৃষক জমিতে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। দুপুরে আকস্মিক বজ্রপাতে ৬ জন কৃষক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা অপু বিশ্বাস ও সমীর বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
খড়িবাড়িয়া গ্রামের বিষ্ণু কুমার জানান, বজ্রপাতে তারা আহত হওয়ার পর চিকিৎসার জন্য শৈলকূপা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করে এবং বাকি ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত কর্মকর্তা) শাকিল আহমেদ বলেন, বজ্রপাতে খড়িবাড়িয়া গ্রামের দুই কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শুনেছি।
জ/দি