প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মুসলিম সম্প্রদায়ের প্রধান দুই উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আযহাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি নতুন আইনপ্রনয়ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত ১২ মার্চ ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতা ম্যাট হ্যানি ‘এবি ২০১৭’ নামক এই বিলটি উত্থাপনের ঘোষণা দেন।
গত ১৭ ফেব্রুয়ারি প্রাথমিকভাবে উপস্থাপিত এই বিলটির মূল উদ্দেশ্য হলো ক্যালিফোর্নিয়ার সরকারি ক্যালেন্ডারে মুসলিম ধর্মীয় উৎসব দুটির আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা। বিলটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে:
শিক্ষা প্রতিষ্ঠান: বিলটি পাস হলে অঙ্গরাজ্যের সকল সরকারি স্কুল এবং কমিউনিটি কলেজগুলো ঈদের ছুটিতে বন্ধ রাখার সুযোগ পাবে।
শিক্ষার্থীদের ছুটি: শিক্ষার্থীদের অনুপস্থিতির তালিকায় ঈদের দিনগুলোকে ‘মার্জনীয় ছুটি’ হিসেবে গণ্য করা হবে।
সরকারি চাকুরিজীবী: ক্যালিফোর্নিয়ার সরকারি কর্মীরা তাঁদের অর্জিত ছুটি, বার্ষিক ছুটি বা ব্যক্তিগত ছুটির বিনিময়ে ঈদের দিনগুলোতে ছুটি ভোগ করতে পারবেন। তবে স্পষ্ট করা হয়েছে যে, এগুলো ‘জুডিশিয়াল হলিডে’ বা বিচারিক ছুটি হিসেবে গণ্য হবে না।
এই আইনপ্রনয়ণ প্রচেষ্টার মূল লক্ষ্য হলো ক্যালিফোর্নিয়ার ধর্মীয় বৈচিত্র্যকে সম্মান জানানো। বর্তমানে ক্রিসমাস বা হানুক্কাহর মতো উৎসবগুলো যেভাবে স্বীকৃতি পায়, ঈদের ক্ষেত্রেও সেই একই সমমর্যাদা নিশ্চিত করতে চান আইনপ্রণেতারা।
যদি এই বিলটি আইন হিসেবে পাস হয়, তবে ওয়াশিংটনের পর ক্যালিফোর্নিয়া হবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য যারা ঈদুল ফিতর ও ঈদুল আযহাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করবে। মুসলিম আমেরিকানদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই বিলটি ক্যালিফোর্নিয়ার সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।