প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৪৫ পিএম

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় ও জেনারেল হাসপাতালের আয়োজনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং এডিস মশা নিয়ন্ত্রণে এক বিশেষ সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকাল ১০ টায় ফরিদপুর সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেনারেল হাসপাতাল থেকে শুরু হয়ে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে কর্মসূচির অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
এ সময় ফরিদপুর সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন- মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় দেশব্যাপী জনসচেতনতা তৈরির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া একটি মরণব্যাধি রোগ, যা থেকে মুক্ত থাকতে হলে সবাইকে এ সম্পর্কে সচেতন হতে হবে। আজ থেকে আমাদের এই কাজ করুন শুরু হলো। প্রতি শনিবার এই কার্যক্রম চলবে।
তিনি আরো বলেন- ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। যেখানে সেখানে জমানো পানি অপসারণ এবং নিয়মিত মশার ড্রাম বা পাত্র পরিষ্কার রাখার ওপর বিশেষ জোর দিতে হবে। অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্থানীয় সেচ্ছাসেবীরা অংশ নেন।
জ/দি