সৌদিতে ইরানি হামলায় পাঁচ মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:৩৮ এএম

সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় সেখানে থাকা মার্কিন বাহিনীর পাঁচটি রিফুয়েলিং এয়ারক্রাফট (জ্বালানি ভরার বিমান) ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত হলেও ওই পাঁচটি বিমান পুরোপুরি ধ্বংস হয়নি। বর্তমানে সেগুলোর মেরামতকাজ চলছে। নাম প্রকাশ না করে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটি। তাদের এ প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড। সাম্প্রতিক দিনগুলোতে এ হামলা হয়েছে বললেও ক্ষেপণাস্ত্র না ড্রোনে বিমানগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি ওয়াল স্ট্রিট জার্নাল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। এর জেরে ইসরায়েলের বিভিন্ন শহর ও আশপাশের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট নানান স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে তেহরান।

আরও পড়ুন : ট্রাম্পের ধারণা কিমের সঙ্গে বৈঠক ইতিবাচক হতে পারে: দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

ইসরায়েলের পর রিপোর্ট লেখা পর্যন্ত ইরানের পাল্টা হামলার ঝাপ্টা সবচেয়ে বেশি গেছে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের ওপর দিয়ে। তুলনামূলকভাবে সৌদি আরবে কম হামলার খবর মিলেছে। তার মধ্যে কবে, কখন, কোন বিমান ঘাঁটিতে পাঁচটি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হল, তা জানায়নি ওয়ালস্ট্রিট জার্নাল।

এর আগে শুক্রবারই মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরাকে তাদের একটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার বা রিফুয়েলিং এয়ারক্রাফট ভূপাতিত হওয়ার কথা জানায়। ওই ঘটনায় বিমানটিতে থাকা ৬ ক্রু’র সবাই নিহত হয়েছে বলেও পরে নিশ্চিত করে তারা।

তারও আগে ইরানে হামলার শুরুর দিকেই কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধ্ববিমান বিধ্বস্ত হয়। কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার ভুলে ওই বিমানগুলো বিধ্বস্ত হয় বলে পরে দাবি করে কুয়েত ও যুক্তরাষ্ট্র। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স

জ/উ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft