গণঅভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে মামলা ‘পরিকল্পিত রাজনৈতিক আঘাত’: নাহিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:০৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪২ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রৌনক জাহান তাকির আদালতে এই আবেদন করলে আদালত তা আমলে নিতে অস্বীকৃতি জানান। মৌলভীবাজারের জুড়ী থানার জালাল হোসেন নামের এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছিলেন। তবে আদালত অভিযোগটি পর্যালোচনা করে এর কোনো প্রাথমিক ভিত্তি খুঁজে না পাওয়ায় তা গ্রহণ করেননি।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রচেষ্টাকে গণঅভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।

নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের এই অপচেষ্টা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। তিনি মনে করেন, এটি কেবল কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা এবং ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।

বিবৃতিতে নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার এবং গণতন্ত্রের লড়াইয়ের প্রতীক। এই আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার চেষ্টা প্রমাণ করে যে, ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো পর্দার আড়াল থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতেও যেমন মামলা বা ভয়ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে দমন করা যায়নি, ভবিষ্যতেও কোনো অপশক্তি এতে সফল হবে না। একইসঙ্গে তিনি সরকার ও সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানান যেন এই ধরনের অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে তারা রাজপথে সদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন বলেও তিনি পুনব্যক্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft