প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৬:৪৬ পিএম

নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় আইরমারি ব্রিজের নিচ থেকে মঙ্গলবার (১০ মার্চ) সকালে ৫০ অধিক বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে গুরুদাসপুর ও বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে পরিচয় শনাক্তের জন্য পুলিশ মরদেহটি হেফাজতে নেয়।
স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি কোনো ভ্যান বা অটোরিকশা চালক হতে পারেন।কারন ব্রীজের উপর অটোরিকশার সিট ও কম্বল পাওয়া গেছে। গভীর রাতে অথবা ভোরের দিকে চলাচলের সময় দুর্বৃত্তরা তার যানবাহন ছিনতাই করে তাকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা আরও জানান, চাচকৈড়ের বড় হাটকে কেন্দ্র করে ভোররাত থেকেই ওই সড়ক দিয়ে বিভিন্ন মালবাহী গাড়ি ও যানবাহন চলাচল শুরু হয়। সেই সময়ের মধ্যেই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে তারা মনে করছেন।
বড়াইগ্রাম থানার ওসি তদন্ত মাহাবুব হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
জ/দি