শ্রীনগরে এলোপাতাড়ি গুলি, নারী-শিশুসহ গুলিবিদ্ধ ১৫
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৩১ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে গুলির ঘটনায় নারী-শিশুসহ ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় লাইসেন্স করা একনালা বন্দুক ও গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুদ্রপাড়া এলাকায় মিজান খান ও মান্নান খানের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এলাকায় প্রভাব বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মিজান খান এবং মান্নান খানের মধ্যে দ্বন্দ্ব চলছিল। রোববার রাতে হারুন খানের বাড়ির সামনে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপক্ষের লোকজন রাস্তায় জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় মান্নান খান উত্তেজিত হয়ে হারুন খানের লাইসেন্স করা একনালা বন্দুক থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে নারী-শিশুসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হন। আহতরা হলেন মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেখ খা, মোস্তাকিম, ইদ্রিস খাঁ ও সাফি বেগম। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ঘটনার পরপরই শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমানের নেতৃত্বে শ্রীনগর থানার পুলিশ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে হারুন খান, আব্দুল মান্নান খান ও মহসিন খানকে আটক করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম আরও বলেন, আটক হারুন খানের বাড়ি থেকে একটি .২২ বোর পিস্তল, ৬১ রাউন্ড গুলি, একটি একনালা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ ও ৯টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া মান্নান খানের বাড়ি থেকে একটি ওয়াকিটকি (চার্জারসহ) জব্দ করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft