ভারতের আধিপত্যে ক্রিকেট ‘ধ্বংস’ হচ্ছে : শোয়েব আখতার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:৪২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দাপুটে পারফরম্যান্সে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পরও সমালোচনার মুখে পড়েছে ভারত। পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার দাবি করেছেন, ভারতের এই আধিপত্য নাকি ক্রিকেটকে ‘ধ্বংস’ করে দিচ্ছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে নেয় ভারত। ভারতের এই জয়ে অধিকাংশ ক্রিকেট বিশ্লেষক প্রশংসা করলেও আখতার ভিন্ন মত প্রকাশ করেন।

পাকিস্তানের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের ক্রিকেট টক শোতে তিনি বলেন, 'এটা যেন কোনো মহল্লায় এক ধনী ছেলে সব গরিব বাচ্চাদের ডেকে বলে, চলো ক্রিকেট খেলি। তারপর আট দলের মধ্যে চারটা রাখে, সেখান থেকে তিনটা নেয়, শেষে বলে দেখো আমি জিতেছি। ভারত পুরো ক্রিকেটটাই নষ্ট করে ফেলেছে।'

আরও পড়ুন : বাধ্যতামূলক অবসরে নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি

আখতারের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই বিতর্কের জন্ম দেয়। অনেক ভক্তের মতে, ভারতের দাপুটে জয়ের পর এটি মূলত হতাশার বহিঃপ্রকাশ। তবে ফাইনালের আগে আখতারের বক্তব্য ছিল কিছুটা ভিন্ন। তিনি স্বীকার করেছিলেন যে ভারতই টুর্নামেন্টের ফেভারিট, যদিও ক্রিকেটের স্বার্থে তিনি নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন দেখতে চেয়েছিলেন।

সমালোচনার মাঝেও ভারতের সাফল্যের একটি কারণ স্বীকার করেছেন আখতার। তিনি ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করে বলেন, কঠিন সময়েও খেলোয়াড়দের ওপর আস্থা রাখার কারণে দল বড় টুর্নামেন্টে সফল হয়েছে।

এদিকে ভারতের জয়ের পর বিতর্কিত মন্তব্য করেছেন পাকিস্তানের আরও কয়েকজন সাবেক ক্রিকেটার। তাদের মধ্যে একজন সাবেক পেসার মোহাম্মাদ আমির। একটি টক শোতে তিনি দাবি করেন, ভারতের জয়ের পেছনে বড় ভূমিকা রয়েছে নিউজিল্যান্ডের বোলারদের ব্যর্থতার।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft