ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াতে গিয়ে ট্রাকচাপায় কিশোরে মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:৫৩ পিএম

ফেনীতে ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াতে গিয়ে ট্রাকচাপায় শান্ত কুমার সাহা (১৫) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের কানু কুমার সাহার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শান্ত ফেনী শহর থেকে যাত্রী নিয়ে বালিগাঁওয়ের দিকে যাতায়াত করতেন। রোববার রাত আটটার দিকে যাত্রীবেশে দুই ব্যক্তি তার অটোরিকশায় ওঠে। পরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন পাম্পের সামনে পৌঁছালে তারা শান্তকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেয় এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

ডোবা থেকে উঠে নিজের অটোরিকশার পেছনে দৌড়াতে থাকেন শান্ত। এ সময় রামপুর রাস্তার মাথা এলাকায় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন : চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

নিহতের চাচা রিপন সাহা জানান, ছিনতাই হওয়া অটোরিকশাটি শান্তর বাবার। প্রতিদিনের মতো সেদিনও তার বাবা অটোরিকশাটি বাড়িতে রেখে গিয়েছিলেন। পরে কিছু উপার্জনের আশায় শান্ত সেটি নিয়ে ফেনী শহরের দিকে বের হয়। কিন্তু ছিনতাইকারীদের কবলে পড়ে তাকে জীবন দিতে হয়েছে।

তিনি আরও বলেন, যেখান থেকে যাত্রী তোলা হয়েছিল, সেখানকার আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হতে পারে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরতে সদর থানার পুলিশ কাজ করছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft