প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৫৬ পিএম

গোয়াইনঘাট উপজেলার ‘জাফলং ব্রিজের’ নিচ থেকে ইয়াহিয়া (২৩) নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তিনি উপজেলার নাইন্দা হাওর এলাকার বুরহান উদ্দিনের ছেলে। তিনি তরমুজখেতের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৭টায় উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং ব্রিজের নিচ থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৭টায় জাফলং ব্রিজের নিচে অচেতন অবস্থায় ইয়াহিয়াকে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ইয়াহিয়ার চাচাতো ভাই আলী আহমদ বলেন, ইয়াহিয়া প্রতিদিন নাইন্দা হাওরে তরমুজখেত পাহারা দিত। গতকাল সেহরির পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। শুক্রবার তারাবির নামাজের আগে খবর পাই ইয়াহিয়া জাফলং ব্রিজের নিচে মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। উদ্ধারের সময় সে কিছুটা কথা বলতে পারছিল এবং বলেছিল। ইয়াহিয়া বলে- কেউ তাকে ডাবের পানি পান করান। এরপর তার গলায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান বলেন, জাফলং ব্রিজের নিচ থেকে ইয়াহিয়া নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জ/দি