গুরুদাসপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি, গ্রেপ্তারের আশ্বাস পুলিশের
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম

নাটোরের গুরুদাসপুরে হাটের ইজারা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দপুর এলাকার বাসিন্দা মো. জাহিদুল ইসলাম তপু (৩৯) গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থানকালে একই এলাকার রাজা (৩৫) তার কাছে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। অভিযোগে বলা হয়, একপর্যায়ে তাকে চন্দপুর তুলাধুনা হাটে যেতে বাধা দেওয়া হয় এবং সেখানে গেলে “মেরে হাড্ডি গুড়া গুড়া করে ফেলবে” বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী তপু জানান, ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এ বিষয়ে গুরুদাসপুর থানায় একটি লিখিত জিডি করেছেন। অভিযুক্ত রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলাধুনা বাজার ইজারা নেওয়া নিয়ে রাজা ও তপু উভয়েই দরপত্রে অংশ নেন। তপু বেশি মূল্যে সিডিউল জমা দিয়ে হাটটির ইজারা পান। এতে ক্ষুব্ধ হয়ে রাজা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে টাকা সংক্রান্ত হুমকিসূচক বক্তব্য শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

জানা গেছে, উপজেলায় মোট ১৯টি হাটবাজারের ইজারার মধ্যে ৬টিতে কোনো দরপত্র জমা পড়েনি। অধিকাংশ হাটে একটি করে দরপত্র জমা পড়ে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার বলেন, “চাঁদা দাবির বিষয়টি স্পষ্ট নয়। তবে এলাকায় গেলে মেরে হাড্ডি গুড়া গুড়া করে ফেলবে—এমন হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমরা লিখিত জিডি গ্রহণ করেছি। দ্রুত সময়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft