চাকরির প্রতিশ্রুতি থেকে চাঁদাবাজি—স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটুক্তি, যুবক আটক
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটুক্তি এবং চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে উল্টো চাঁদা দাবির অভিযোগে নাটোরের বাগাতিপাড়ায় এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে উপজেলার ১ নম্বর পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রাম থেকে মো. শুভ হোসেন (২৩) নামের ওই যুবককে আটক করা হয়। বাগাতিপাড়া মডেল থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের করা মামলার নম্বর ০৬, তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বড় পাঁকা গ্রামের বাসিন্দা মোছা. শামীম নাসরিন (৩১) থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, শুভ স্থানীয় পাঁকা কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় এক বছর আগে ১০ লাখ টাকায় চুক্তি করেন এবং প্রথম দফায় পাঁচ লাখ টাকা গ্রহণ করেন। তবে দীর্ঘদিনেও চাকরির কোনো ব্যবস্থা না করে সময়ক্ষেপণ করেন।

আরও পড়ুন : দশমিনায় ইয়াবাসহ যুবক আটক

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরে টাকা ফেরত চাইলে শুভ উল্টো ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে বাদীর বাড়িতে গিয়ে তিনি নিজেকে প্রভাবশালী দাবি করে বলেন, “বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও আমাকে কিছু করতে পারবে না।” পাশাপাশি টাকা না দিলে ‘ভেকু দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার’ হুমকিও দেন। এ ঘটনার ভিডিও বাদীর কাছে সংরক্ষিত রয়েছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় অনুসন্ধানে জানা যায়, নির্বাচনের আগে সালিশের মাধ্যমে শুভকে নেওয়া পাঁচ লাখ টাকা ফেরত দিতে বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে টাকা না দিয়ে বরং চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। হুমকির ভিডিওসহ অন্যান্য আলামত যাচাই-বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

রাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যক্তির নাম ব্যবহার করে দম্ভোক্তি ও চাঁদাবাজির অভিযোগে এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এমন অপরাধ দমন করা হোক।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft