প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ এএম

জাতিসংঘ বাংলাদেশের জনগণকে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে সব রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে বিশ্বসংস্থাটি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় উল্লেখ করেন, নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক গতি কাজে লাগিয়ে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করতে সব রাজনৈতিক অংশীজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।
তিনি আইনের শাসন সমুন্নত রাখা, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং সকল নাগরিকের পূর্ণ মানবাধিকার রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেছেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে এবং গণতান্ত্রিক উত্তরণপ্রক্রিয়া অব্যাহত রাখবে। এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও সামাজিক সম্প্রীতি জোরদারের প্রচেষ্টায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে বিশ্বসংস্থা।
জ/উ