টালিউডে চঞ্চলের চমক, অভিনয়ের সঙ্গে করবেন প্লেব্যাক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭ পিএম

দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমধিক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর বলাই বাহুল্য, চঞ্চল মানেই পর্দায় নতুন কিছু! তবে এবার শুধু অভিনয় নয়, প্লেব্যাকেও অভিষেক হতে যাচ্ছে তার; তাও আবার টালিউডের সিনেমায়। ব্রাত্য বসুর আসন্ন সিনেমা ‘শেকড়’-এর মাধ্যমে প্রথমবারের মতো এমন চমক দেখাতে যাচ্ছেন অভিনেতা। 

‘শেকড়’ সিনেমার দুটি গান গেয়েছেন চঞ্চল। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। স্টুডিওতে সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জির সঙ্গে চঞ্চল চৌধুরীর রিহার্সেলের দুটি ছবি ফেসবুকে শেয়ার করা হয়।

প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, শেকড় ব্রাত্য বসুর চিরন্তন একটি প্রেমের সিনেমা। এখন পুরোদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এ সিনেমায় প্রবুদ্ধ ব্যানার্জির সংগীতায়োজনে চঞ্চল চৌধুরী একাধিক গান রেকর্ড করেছেন। এই সিনেমা দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে টালিউডে অভিষেক হচ্ছে চঞ্চলের।

আরও পড়ুন : ছবিটা তাদের জন্য, যারা আমাকে ‘বোরকা কিনতে’বলেছিলেন : বাঁধন

এদিকে চঞ্চল চৌধুরী সংবাদমাধ্যমে জানান, শেকড় সিনেমার জন্য দুটি জনপ্রিয় বাউলগান নতুন করে গেয়েছেন তিনি। একটি বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, অন্যটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে’। গান দুটি সিনেমায় ব্যবহারের আইডিয়া চঞ্চলই দেন নির্মাতাকে।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে তৈরি হচ্ছে শেকড়। এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। শেকড়ে চঞ্চলের চরিত্রের নাম ইন্দ্র, যে কারখানায় কাজ করে। তার বাবা স্মৃতিভ্রংশের অসুখে ভুগছে। চঞ্চল চৌধুরীর বাবাও মৃত্যুর আগে এমন সমস্যায় ভুগেছেন। এ কারণে শেকড় সিনেমায় কাজ করতে আকৃষ্ট হয়েছেন বলে জানিয়েছিলেন অভিনেতা।

তবে শুধু চঞ্চল নয়, নির্মাতা ব্রাত্য বসু এর আগে মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ নামে দুটি সিনেমা বানিয়েছিলেন।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft