প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম

রাজৈরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুই মৌ-চাষী নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানান, মধু সংগ্রহের উদ্দেশ্যে ট্রাকযোগে মৌচাক নিয়ে যশোর থেকে মাদারীপুরের ঘটকচর যাচ্ছিলেন মৌচাষী রানা (২৭) ও লিখন (১৮)। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে আসলে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি।
এসময় ট্রাকটি মহাসড়কের পাশের খালে পড়ে যায় এবং ঘটনাস্থলেই রানা ও লিখনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় ট্রাক চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করেছে মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ।
নিহত রানা (২৭) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া গ্রামের আমজেদের ছেলে ও নিহত লিখন (১৮) একই উপজেলার সামর্থবাড়ী গ্রামের মুক্তারের ছেলে। এ ঘটনায় নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ।
জ/দি