জাতীয় গবেষণা প্রতিবেদন : দেশে গাঁজাখোর ৬১ লাখ, মাদকসেবী বেশি ময়মনসিংহে
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৭ পিএম

দেশে বর্তমানে আনুমানিক ৮২ লাখ মানুষ (সিগারেট ছাড়া) কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছেন। যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। বিভাগ অনুযায়ী মাদকসেবীর সংখ্যা সবচেয়ে বেশি ময়মনসিংহে। আর মাদক হিসেবে সবচেয়ে বেশি গাঁজা সেবন করা হয়, দেশের প্রায় ৬১ লাখ মানুষ এ মাদকটি সেবন করে। গতকাল রবিবার সকালে শাহবাগ এলাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আয়োজিত সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে এ সংক্রান্ত গবেষণার ফল তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে মাদক অপব্যবহারকারী ব্যক্তিদের সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট কারণগুলো নিয়ে জাতীয় পর্যায়ের গবেষণা করা হয়েছে। গবেষণাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনডিস)-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ) ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লিমিটেড (আরএমসিএল) যৌথভাবে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে গবেষণা কার্যক্রমটি সম্পন্ন হয়। গবেষণায় নেটওয়ার্ক স্কেল-আপ মেথড (এনএসইউএম) ব্যবহার করে দেশের ৮ বিভাগের ১৩টি জেলা ও ২৬টি উপজেলায় তথ্য সংগ্রহ করা হয়।

গবেষণার ফলে দেখা যায়, বিভাগভেদে মাদক ব্যবহারের হারে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ময়মনসিংহে মাদক ব্যবহারের হার ৬ দশমিক শূন্য ২ শতাংশ, রংপুরে ৬ শতাংশ, চট্টগ্রামে ৫ দশমিক ৫০ শতাংশ, রাজশাহীতে ২ দশমিক ৭২ শতাংশ ও খুলনা বিভাগেহ ৪ দশমি ক শূন্য ৮ শতাংশশ। সংখ্যার বিচারে সর্বাধিক মাদক ব্যবহারকারী বসবাস করছে ঢাকা বিভাগে যা প্রায় ২২ দশমিক ৯ লাখ), এরপর রয়েছে চট্টগ্রাম, সেখানে ১৮ দশমিক ৮ লাখ মাদকসেবী রয়েছে, রংপুর বিভাগে প্রায় ১০ দশমিক ৮ লাখ মাদকসেবী রয়েছে। বিভাগভিত্তিক মাদক ব্যবহারকারীর আনুমানিক সংখ্যা বরিশাল ৪,০৪,১১৮ জন, চট্টগ্রাম ১৮,৭৯,৫০৩ জন, ঢাকা ২২,৮৭,৯৭০ জন, খুলনা ৭,২৬,২১০ জন, ময়মনসিংহ ৭,৬০,৮১২ জন, রাজশাহী ৫,৬৬,৫০৯ জন, রংপুর ১০.৮০,৫৮৮ জন এবং সিলেট ৪,৮৮,১৪১ জন। সমগ্র দেশে (যে কোনো ধরনের মাদক ব্যবহারকারী) ৮১,৯৪,৬৫১ জন মাদকসেবী রয়েছে।

আরও পড়ুন : ছড়িয়ে পড়া স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ হতে পারে নতুন এক পরীক্ষা

মাদক প্রকারভেদ বিশ্লেষণে দেখা যায়, গাঁজা বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক। প্রায় ৬১ লাখ মানুষ গাঁজা সেবন করে। এরপর রয়েছে ইয়াবা বা মেথামফেটামিন (প্রায় ২৩ লাখ), অ্যালকোহল (২০ লাখ), কোডিনযুক্ত কাশির সিরাপ, ঘুমের ওষুধ এবং হেরোইন। ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারীর সংখ্যা প্রায় ৩৯ হাজার, তবে এ ধরনের মাদক গ্রহণকারীদের এইচআইভি, হেপাটাইটিস ও অন্যান্য সংক্রামক রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে। গবেষণায় জানানো হয়, একজন মাদক সেবনকারী মাসে কমবেশি ছয় হাজার টাকা ব্যয় করেন।

মাদক ব্যবহারের ধরন অনুযায়ী মাদক ব্যবহারকারীর আনুমানিক সংখ্যা হলো গাঁজা (ক্যানাবিস) ৬,০৭৯,৯১৪ জন, মেথামফেটামিন (ইয়াবা) ২,২৯২,৭০৫ জন, অ্যালকোহল ২,০২০,৯৭৭ জন, কোডিন ফসফেট (কফ সিরাপ) ৩৩৯,৬৬০ জন, হেরোইন ৩২২,৬৭৭ জন, ঘুমের ওষুধ ৩০৫,৬৯৪ জন, ১৫২,৮৪৭ ইনহেল্যান্ট (যেমন : আঠা, পেইন্ট থিনার) এবং ৩৯,০৬১ ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ করে। এ ছাড়া ১১,৮৮৮ ক্রিস্টাল মেথ (আইস), ৫,০৯৫ এলএসডি এবং ১৩,৫৮,৬৪ অন্যান্য মাদক ব্যবহার করে।

অধিকাংশ তরুণ

গবেষণায় আরও উঠে এসেছে যে, মাদক ব্যবহারকারীদের অধিকাংশই তরুণ বয়সের। প্রায় ৩৩ শতাংশ ব্যবহারকারী ৮-১৭ বছর বয়সে বা শিশু বয়সে প্রথম মাদক গ্রহণ শুরু করেছে। ৫৯ শতাংশ ব্যবহারকারী ১৮-২৫ বছর বয়সে প্রথম মাদক গ্রহণ শুরু করেছে। বেকারত্ব, বন্ধুমহলের প্রভাব, আর্থিক অনিশ্চয়তা, পারিবারিক অস্থিরতা, মানসিক চাপ ও অনানুষ্ঠানিক পেশায় যুক্ত থাকা মাদক ব্যবহারের প্রধান ঝুঁকিপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। আশঙ্কাজনকভাবে, প্রায় ৯০ শতাংশ ব্যবহারকারী মাদক সহজলভ্য বলে জানিয়েছে।

আরও পড়ুন : কাগজের ফাইল ছাড়ছে বিএমইউ, শুরু হলো পেপারলেস কার্যক্রম

মাত্র ১৩ শতাংশ চিকিৎসা বা পুনর্বাসনের সুযোগ পেয়েছেন গবেষণায় দেখা যায়, বাংলাদেশে মাদক ব্যবহারকারী চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ খুবই সীমিত। মাত্র ১৩ শতাংশ মাদক ব্যবহারকারী কখনও চিকিৎসা বা পুনর্বাসন সেবা গ্রহণ করার সুযোগ পেয়েছেন। যদিও অর্ধেকের বেশি ব্যবহারকারী মাদক ছাড়ার চেষ্টা করেছেন, পর্যাপ্ত মাদক নির্ভরতার চিকিৎসাসেবা, কাউন্সেলিং, সামাজিক ও আর্থিক সহায়তার অভাবে অধিকাংশই সফল হতে পারেনি। মাদক ব্যবহারকারীরা চিকিৎসা ও পুনর্বাসন সেবা (৬৯%), কাউন্সেলিং (৬২%) এবং কর্মসংস্থান সহায়তাকে (৪১.২%) সবচেয়ে জরুরি প্রযোজন হিসেবে উল্লেখ করেছে। ৬৮% মাদক ব্যবহারকারী সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে অপবাদ ও বৈষম্যের শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশে মাদক ব্যবহার একটি মারাত্মক জনস্বাস্থ্য ও সামাজিক সংকটে রূপ নিয়েছে। এই গবেষণার ফলাফল স্পষ্টভাবে নির্দেশ করে যে, মাদক সমস্যা কেবল আইনশৃঙ্খলার বিষয় নয় : এটি একটি জটিল জনস্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। গবেষণার এই তথ্যভিত্তিক প্রমাণ ভবিষ্যতে জাতীয় নীতি প্রণয়ন, কর্মসূচি পরিকল্পনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

গবেষণা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। প্রধান গবেষক (প্রিন্সিপাল ইনভেসটিগেটর) হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর সম্মানিত ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী।

আরও পড়ুন : জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মহার ব্যাপক বাড়ছে

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তার বক্তব্যে মাদক প্রতিরোধে পলিটিক্যাল কমিটমেন্ট এবং আরও গবেষণার ওপর গুরুত্বারোপ করে বলেন, এটা ভাবার কারণ নাই যে, কিছু সংখ্যক খারাপ মানুষ মাদকাসক্ত এবং আমরা বা আমাদের সন্তানেরা মাদক থেকে দূরে রয়েছে। প্রকৃতপক্ষে আমরা বা আমাদের সন্তানরা মাদাকাসক্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছি। সবাইকে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবেই এই ঝুঁকিকে মোকাবিলা করতে হবে।

৭ বিভাগে ৭টি মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র চালুর প্রকল্প পাস

মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ বলেন, বর্তমান সময় ও বাস্তবতা হলো দেশের মানুষ মাদকাসক্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। সামাজিক আন্দোলন, একটি সামাজিক যুদ্ধের মাধ্যমে সম্মিলিতভাবে মাদক এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। মাদক নির্মূলে পরিবার থেকেই হোক প্রতিরোধ তা নিশ্চিত করতে হবে। মাদকাসক্তদের চিকিৎসাসেবা বিস্তারের লক্ষ্যে ঢাকা বাদে আরও ৭ বিভাগে ২০০ শয্যা করে ৭টি মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র চালুর প্রকল্প বর্তমান সরকার পাশ করেছে।

আরও পড়ুন : অবিবাহিত তরুণ-তরুণীদের এইচআইভি সংক্রমণ বাড়ছে

বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার তার বক্তব্যে মাদক সরবরাহের উৎস ও চাহিদা কমানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, শিশুরা-তরুণরা যারা জীবনটাকে বুঝতে পারার আগেই মাদকাসক্ত হচ্ছে অবশ্যই আমাদের সবাইকে মিলে এই শিশু ও তরুণ সমাজকে মাদক সেবনের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করতেই হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম, কো-ইনভেসটিগেটর অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, কো-ইনভেসটিগেটর ফোরকান হোসেন, বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শাহিদুল হাসান বাবুল প্রমুখ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft