প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:০৩ পিএম আপডেট: ২৯.০১.২০২৬ ৩:২৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে জনগণ তাদের অবশ্যই প্রত্যাখ্যান করবে। বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে সেটা সরকার দেখবে, নির্বাচন কমিশন দেখবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। প্রতিবাদ জানানোর ভাষা প্রতিবাদের মতো হতে হবে, কিন্ত এগুলো নিয়ে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করা যাবে না। গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে জনগণ তাদের অবশ্যই প্রত্যাখ্যান করবে। কারণ বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে গণতন্ত্রের উত্তরণের জন্য অপেক্ষা করছে।
তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিনে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে একটি দল সারাদেশে উত্তেজনা সৃষ্টি করছে মিটিং মিছিল করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
তিনি আরও বলেন, বিএনপি যে সমস্ত পরিকল্পনার কথা বলছে কেউ কেউ বলে সেগুলো নাকি অবাস্তব? অথচ বিএনপির অনেকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বিএনপি জানে কীভাবে জনগণের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। সে জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, দলের নামের শেষে ইসলাম থাকলে তো ইসলাম হয়ে যায় না। এইরকম হলেতো যত নুরুল ইসলাম আছে সবাই ইসলাম হয়ে যেতো, এই সমস্ত ধোঁকাবাজি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তারা এগুলো করে জনগণের সঙ্গে প্রতারণা করছে।
এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলমসহ আরও অনেকে।
জ/উ