প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:০৮ এএম আপডেট: ২৯.০১.২০২৬ ৩:২৫ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁও-এর পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় স্থানীয় সন্ত্রাসী মাহি ও জিয়াকে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষকে গুলি করতে দেখা যাওয়ার ভিডিও যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সোনারগাঁও উপজেলার পাঁচানী নদীর তীর এলাকায় এ ঘটনা ঘটে। গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ নেতা হামিদ আলী ও কুরবানপুর এলাকার রাসেল গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় পাঁচানী এলাকার মৃত দরবেশ আলীর ছেলে মফিজুল ইসলাম মাহি ও তার সহযোগী মাইদুল ইসলাম জিয়া প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
এই আগ্নেয়াস্ত্র ব্যবহারে এলাকায় আতংক বিরাজ করছে। সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে মাহি ও জিয়া অস্ত্র উচিয়ে গুলি করে আতঙ্কের সৃষ্টি করে। অস্ত্রধারী মাহি ও জিয়া আওয়ামী লীগ নেতা হামিদ গ্রুপের সদস্য বলে জানা যায়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিববুল্লাহ বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। আমরা ভিডিওটি সসম্পর্কে খোঁজ নিচ্ছি।’
জ/দি