প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:৫১ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের রাজনৈতিক ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান ভোটারদের প্রতি এক ব্যতিক্রমী ও জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকাল ৬টার মধ্যেই ভোটের দিনে রোজা রেখে ফজরের নামাজ পরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে রামগতির চরসীতা তোরাবআলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
আশরাফ উদ্দিন নিজান তার বক্তব্যে জনসভায় উপস্থিত নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, রামগতি ও কমলনগর উপজেলার ১৭টি ইউনিয়ন একটি পৌরসভায় ১৬২টি উঠান বৈঠকে করেছি। এক লাখ ৪৫ হাজার নারীর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছি, তাদের হাত ধরেছি। বিএনপির ৩১ দফা তুলে ধরে ফ্যামিলি কার্ড ও হেল্থ কার্ড বিষয়ে সুযোগ-সুবিধার কথা তাদের বুঝিয়েছি। অনেক মায়েরা মাথায় হাত রেখে দোয়া করেছেন, অনেক বোনেরা আর্শীবাদ করেছেন। ওই সমস্ত মায়েরা, আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টার মধ্যে আপনারা রোজা রেখে ফজরের নামাজ পরে কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াবেন। ভোট দিয়ে বাসায় গিয়ে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে কামিয়াব করেন।
রামগতি ও কমলনগর উপজেলা বিএনপির ৪৩ হাজার নেতাকর্মী ও পুরুষ ভোটারদের ধানের শীষকে বিজয়ী করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ১৫২টি কেন্দ্রে তারেক রহমানের হয়ে পাহাড়া দিয়ে ভোট গণনা করে ভোটের রেজাল্ট নিয়ে বের হবেন। কোনো অপশক্তি যেন ভোট চুরি করার সুযোগ না পায়।
জনসভায় উপস্থিত নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে আশরাফ উদ্দিন নিজান আরও বলেন, আমার নেতা তারেক রহমান শান্তির রাজনীতিতে বিশ্বাসী। আগামী ১২ ফেব্রুয়ারি হবে সাধারণ মানুষের মুক্তির দিন। আপনারা ‘রোজা রেখে’ ধৈর্য ধরে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকালের আলো ফোটার আগেই কেন্দ্র দখলমুক্ত রাখতে আপনাদের উপস্থিতিই হবে সবচেয়ে বড় শক্তি।
রামগতি পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী পটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মর্তুজা আল আমিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র শাহাব উদ্দিন শাবু, রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, লন্ডন শাখা বিএনপির সভাপতি নূরউদ্দিন আহমেদ, কেন্দ্রের নির্ধারিত লক্ষ্মীপুর -১,২,৩,৪ আসনের মিডিয়া সেল ম্যানেজার ব্যারিস্টার রেজাউল করিম। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন।
জ/দি