অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন মাসুমা রহমান নাবিলা। এবার হঠাৎ গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হয়েছেন তিনি। তবে একা নন, সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিষয়টি নিয়ে অনেকের কৌতূহল তৈরি হলেও জানা গেছে, এটি একটি বিশেষ আয়োজনের অংশ।
‘লং ড্রাইভ’ নামের কার-কাস্ট শোটি নির্মাণ করছে আইডিয়া স্পেস ক্রিয়েটিভ এজেন্সি। অনুষ্ঠানটির মূল ভাবনা ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার। প্রযোজনায় আছেন ইশতি আহমেদ।
আয়োজনটিতে নাবিলার সঙ্গে মিম ছাড়াও লং ড্রাইভে অংশ নেবেন তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েলের মতো তারকারা।
সঞ্জয় সমদ্দার জানান, ‘লং ড্রাইভ’ প্রচলিত কোনো সেলিব্রিটি টকশো নয়। বরং গাড়ির ভেতরের খোলামেলা আড্ডার মাধ্যমে তারকাদের জীবনের ভিন্নধর্মী একটি জার্নি তুলে ধরা হবে। সেখানে উঠে আসবে তাদের সাফল্যের পথচলা বা ‘রোড টু সাকসেস’, প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমানে ব্যবহৃত গাড়ির অভিজ্ঞতা এবং গাড়িকে ঘিরে থাকা বিভিন্ন স্মৃতি।
শোটির মানবিক দিক তুলে ধরে এই নির্মাতা বলেন, সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় রেখে অনুষ্ঠানটিতে কিছু মানবিক উদ্যোগ যুক্ত করা হয়েছে। কয়েকটি পর্বে তারকাদের ফ্যান মোমেন্টের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টাও থাকবে। তাঁর মতে, এ কারণে অনুষ্ঠানটি সাধারণ বিনোদনমূলক আয়োজনের তুলনায় ভিন্ন মাত্রা পাবে।
প্রযোজক ইশতি আহমেদ জানান, শিগগিরই ‘লং ড্রাইভ’-এর পর্বগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। অনুষ্ঠানটি দেখা যাবে ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। পাশাপাশি স্ট্রিমিং পার্টনার ‘দোয়েল ওটিটি’-তেও দর্শকরা শোটি উপভোগ করতে পারবেন।
জ/উ