মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট উঠেছে ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেসের মাথায়। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে জোহেইরি মোলা ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ খেতাব জয় করেন। সেই সাফল্যের পথ ধরেই এবার মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সুযোগ পান তিনি। ফ্যাশন ও মডেলিংয়ের পাশাপাশি জোহেইরি একজন শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবেও কাজ করছেন।
গতকাল শনিবারের অনুষ্ঠানে গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি নতুন বিজয়ীর মাথায় নীল মুকুট পরিয়ে দেন।
মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের মাধ্যমে এখন আন্তর্জাতিক পর্যায়ে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত থাকবেন জোহেইরি। পাশাপাশি বিশ্বজুড়ে সংস্থাটির ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারাভিযানের প্রতিনিধিত্ব করবেন এই ডোমিনিকান সুন্দরী।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানারআপের খেতাব পেয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি। সূত্র: বিবিসি
জ/উ